কানাডার জমকালো টি-১০ ক্রিকেট লিগ 'কানাডা সুপার ৬০'-এর দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ড্রাফটের মাধ্যমে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের চূড়ান্ত স্কোয়াড গঠন করেছে। এবারের আসরে বিশ্ব ক্রিকেটের একঝাঁক তারকা খেলোয়াড়ের পাশাপাশি বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও দলভুক্ত করা হয়েছে। মুস্তাফিজ ছাড়াও কাইরন পোলার্ড, নিকোলাস পুরান এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ভ্যাঙ্কুভারের বিখ্যাত বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নেওয়া ছয়টি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি হলো—ভ্যাঙ্কুভার অ্যাঙ্করস, হোয়াইটরক ওয়ারিয়র্স, ব্র্যাম্পটন ব্লিটজ, টরন্টো সিক্সার্স, মিসিসাগা মাস্টার্স এবং মন্ট্রিল রয়্যাল টাইগার্স। ড্রাফটের এই সফল সমাপ্তিকে কানাডার অন্যতম শীর্ষ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ড্রাফট এবং প্রাক-চুক্তি (pre-signed) প্রক্রিয়ার মাধ্যমে বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকাকে দলে নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, ক্রিস লিন, ক্রিস জর্ডান, কলিন মুনরো, মঈন আলী, ইমাদ ওয়াসিম, টম কারান, ডেভিড উইলি, টাইমাল মিলস, আজম খান এবং অ্যান্ড্রিজ গাউস। আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি কানাডার স্থানীয় প্রতিভারাও এই ড্রাফটে বেশ গুরুত্ব পেয়েছেন। যার মধ্যে সাদ বিন জাফর, কলিম সানা, নিকোলাস কার্টন, যুবরাজ সামরা, আলী নাদিম, দিলরাজ দেওল এবং ফিনলে ডিক্সনের মতো ক্রিকেটাররা বিভিন্ন দলে ডাক পেয়েছেন।
টুর্নামেন্টের অন্যতম অংশীদার ও ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এই আয়োজন নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, "এত বিপুল সংখ্যক বিশ্বমানের ক্রিকেটারদের কানাডা সুপার ৬০-এর অংশ হতে দেখা অত্যন্ত আনন্দের। আন্তর্জাতিক তারকাদের অভিজ্ঞতা এবং কানাডার উদীয়মান তরুণদের মেধার মেলবন্ধন এ দেশে ক্রিকেটের প্রসারে দারুণ ভূমিকা রাখবে। একই সাথে এটি দর্শকদের জন্য বিশ্বমানের বিনোদন বয়ে আনবে। আমাদের প্রথম আসরের চেয়ে দ্বিতীয় আসরটি আরও বড় ও আকর্ষণীয় করার সব উপাদান এখানে রয়েছে।"
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রথম আসরের দারুণ সাফল্যের পর কানাডা সুপার ৬০ এবার আরও বড় পরিসরে ফিরছে। উত্তর আমেরিকার অন্যতম আইকনিক ক্রীড়া ভেন্যুতে বিশ্বসেরা আন্তর্জাতিক তারকা ও কানাডার শীর্ষ প্রতিভাদের একত্রিত করে দর্শকদের একটি অতুলনীয় ক্রিকেটীয় অভিজ্ঞতা উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রতিটি দলেই বিধ্বংসী ব্যাটার, প্রতিভাবান অলরাউন্ডার এবং বিশ্বমানের পেসারদের অন্তর্ভুক্তির ফলে এবারের আসরে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।

