ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ২০২৬ সালের টেস্ট সিরিজ চলাকালীন নিজের বর্তমান বিশ্ব টেস্ট একাদশ নির্বাচন করেছেন ভারতের সাবেক ব্যাটার চেতেশ্বর পূজারা। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর ইউটিউব চ্যানেলে তিনি এই একাদশ প্রকাশ করেন। পূজারার এই দলে ভারত থেকে পাঁচজন এবং অস্ট্রেলিয়া থেকে চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়ালের বাদ পড়া।
ওপেনিং জুটিতে জয়সোয়ালকে বাদ দিয়ে পূজারা বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এবং ভারতের কেএল রাহুলকে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) জয়ের ম্যাচে দ্বিতীয় ইনিংসে অনবদ্ব সেঞ্চুরি করেছিলেন মার্করাম। অন্যদিকে, গত বছরের শুরু থেকে দারুণ ধারাবাহিকতা দেখানো রাহুল ৪৯-এর বেশি গড়ে ১,০০০-এরও বেশি টেস্ট রান সংগ্রহ করেছেন।
ব্যাটিং অর্ডারের তিন ও চার নম্বরে পূজারা রেখেছেন বর্তমান বিশ্বের ‘ফ্যাব ফোর’-এর একমাত্র সক্রিয় দুই সদস্য জো রুট ও স্টিভ স্মিথকে। ২০২৫ সালের জানুয়ারি থেকে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ইংল্যান্ডের রুট, যিনি ৪৮.৩২ গড়ে ১,২০৮ রান করেছেন। আর স্মিথ ৫৩.২২ গড়ে ৯৫৮ রান নিয়ে এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। ২০২৫ সাল থেকে ১১ ম্যাচে ৬৬.৬৪ গড়ে ১,১৩৩ রান করা গিল বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
দলের উইকেটরক্ষক ও অলরাউন্ডার হিসেবে পূজারার পছন্দ যথাক্রমে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৯টি টেস্টে ৫০-এর বেশি গড়ে রান করা পন্থ তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। অন্যদিকে, গত বছর থেকে জাদেজা ১৯টি টেস্ট ইনিংসে ব্যাট হাতে ৫৬-এর বেশি গড়ে রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৯টি উইকেট।
পূজারার এই বিশ্ব একাদশের বোলিং আক্রমণে আধিপত্য দেখিয়েছেন অস্ট্রেলিয়ানরা। আট নম্বরে অধিনায়ক প্যাট কামিন্সকে রাখার পর পেস বোলিং সঙ্গী জশ হ্যাজেলউড এবং স্পিনার নাথান লায়নকে দলে নিয়েছেন তিনি। কামিন্স গত বছরের শুরু থেকে ৮ টেস্টে ১৮-র কম গড়ে ৩০টি উইকেট নিয়েছেন। লায়ন ১০ টেস্টে ২৮.৬৩ গড়ে নিয়েছেন ৩০টি উইকেট। আর হ্যাজেলউড ২০২৫ সালের জানুয়ারি থেকে মাত্র ৬টি টেস্ট খেললেও ১৬.৬২-র অবিশ্বাস্য গড়ে ৩০টি উইকেট শিকার করেছেন। বোলিং আক্রমণের শেষ সদস্য হিসেবে পূজারা বেছে নিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহকে, যিনি শেষ ৮ ম্যাচে ২২.১৬ গড়ে ৩১টি উইকেট নিয়েছেন।

