বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী ড্যানিয়েল কিনাহানকে দুবাই থেকে আয়ারল্যান্ডে প্রত্যর্পণের পর ডাবলিনের একটি আদালতে হাজির করা হয়েছে। ৪৯ বছর বয়সী এই ব্যক্তিকে ১৮ অক্টোবর ২০১৫ থেকে ৬ এপ্রিল ২০১৭ সালের মধ্যে একটি অপরাধী সংগঠন পরিচালনার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর আয়ারল্যান্ড সরকারের একটি বিমানে করে তাকে ডাবলিনে নিয়ে আসা হয়। ক্যাসেল অ্যারোড্রোমে নামার পরপরই তাকে গ্রেপ্তার ও অভিযোগ দায়ের করা হয়। এরপর কঠোর পুলিশি প্রহরায় তাকে ডাবলিনের ক্রিমিনাল কোর্টস অফ জাস্টিসে নিয়ে যাওয়া হয়।
স্পেশাল ক্রিমিনাল কোর্টে ১৩ মিনিটের এক শুনানিতে বিচারক প্যাট্রিক ম্যাকগ্রা, সারাহ বার্কলি এবং ফিওনা লডনের সামনে তাকে হাজির করা হয়। শুনানির সময় কিনাহান কালো হুডি পরিহিত অবস্থায় আদালতের কাঠের বেঞ্চে বসে ছিলেন। তার কোনো আইনি প্রতিনিধি না থাকায় বিচারক তাকে পরে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন। আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাকে রিমান্ডে পাঠানো হয়েছে। জামিনের আবেদনের বিষয়ে কিনাহান নিজেই মন্তব্য করেন যে, তিনি জানেন তার জামিন হবে না।
চলতি বছরের এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়ার পর কিনাহান প্রত্যপর্ণ আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়। ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, কিনাহান কার্টেল বিশ্বজুড়ে মাদক ও আগ্নেয়াস্ত্র চোরাচালান এবং ডজনেরও বেশি হত্যাকাণ্ডের সাথে জড়িত। মার্কিন অর্থ মন্ত্রণালয় ২০২২ সালের এপ্রিলে কিনাহান ও তার পরিবারের সদস্যদের এই অপরাধী চক্রের নেতা হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
আয়ারল্যান্ডের গার্ডা কমিশনার জাস্টিন কেলি এই গ্রেপ্তারকে আন্তঃদেশীয় অপরাধ দমনে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ও'ক্যালাহান একে দুই দেশের মধ্যে বিচারিক সহযোগিতার একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।
কিনাহানের এই প্রত্যর্পণ আয়ারল্যান্ডের কারাগারেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি তৈরি করেছিল, যার অংশ হিসেবে উচ্চ-ঝুঁকিপূর্ণ বন্দিদের জন্য বুলেটপ্রুফ ও বোমা নিরোধক ভ্যান কেনা হয়েছে। অতীতে এই অপরাধী চক্রের বিরুদ্ধে বৈশ্বিক কর্মকাণ্ডে ১ বিলিয়ন ইউরোর বেশি অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

