সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার দায়ে তিন শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান। এসব শিক্ষকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ভূমিকা ও অবস্থান নিয়ে তদন্ত কমিটির কাছে অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে প্রশাসন একটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, তিনি ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তবে তার নিয়োগ বিজ্ঞপ্তিতে সংগীত বিভাগে শিক্ষক হওয়ার জন্য সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক ছিল। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে তিনি কীভাবে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, তা খতিয়ে দেখতেই এই তদন্ত কমিটি কাজ করবে।
এদিকে, ছাত্রীদের আবাসিক হলগুলোর গেট বন্ধের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১০টার পরিবর্তে রাত ১১টায় ছাত্রী হলগুলোর গেট বন্ধ হবে। এই পরিবর্তনের ফলে ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা আগের তুলনায় এক ঘণ্টা বাড়ল।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৪৭

