এফবিআইয়ের নিয়োগ ওয়েবসাইট হ্যাক এবং সংস্থাটির কর্মী ও চাকরিপ্রার্থীদের তথ্য চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে কুখ্যাত সাইবার অপরাধী গোষ্ঠী শাইনিহান্টার্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এফবিআই এবং ডাচ ন্যাশনাল পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করেননি। প্যাটেল তাকে শাইনিহান্টার্স গোষ্ঠীর অন্যতম ‘কথিত নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এই গ্রেপ্তারের সূত্র ধরে এফবিআইয়ের তদন্তকারী দলগুলো আরও তথ্য সংগ্রহের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিরলস কাজ করে যাচ্ছে।
তদন্তের বিষয়ে এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, FBIJobs.gov ওয়েবসাইট সংক্রান্ত সাইবার হামলার ঘটনাটি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। সংস্থাটি নিয়মিতভাবে আক্রান্ত হতে পারে এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখছে এবং গত ২৪ ঘণ্টার মধ্যে সংস্থাটির অভ্যন্তরে একাধিকবার এ বিষয়ে তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার শাইনিহান্টার্স গোষ্ঠী এফবিআইয়ের ওয়েবসাইট বিকৃত করার দাবি করে। তারা এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লিদারম্যানকে উদ্দেশ্য করে পোস্ট দিয়ে জানায়, তারা এফবিআইয়ের নিরাপত্তা ব্যবস্থা ভেঙেছে। হ্যাকাররা দাবি করেছিল যে, তাদের কাছে এফবিআইয়ের প্রায় সব এজেন্ট এবং চাকরিপ্রার্থীদের সংবেদনশীল তথ্য রয়েছে। তারা ক্রিমিনাল জাস্টিস, হিউম্যান রিসোর্স এবং মেডলিংক সিস্টেমসহ বেশ কিছু সেবা ক্ষতিগ্রস্ত করার কথাও উল্লেখ করেছিল।
নিউ ইয়র্ক টাইমসের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, এফবিআইয়ের কর্মীরা একটি অভ্যন্তরীণ ইমেইল পেয়েছেন, যেখানে এই ঘটনাকে একটি সাইবার নিরাপত্তা ঝুঁকি হিসেবে স্বীকার করা হয়েছে এবং কিছু কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সিবিএস নিউজ স্বতন্ত্রভাবে সেই স্মারকলিপির বিষয়বস্তু যাচাই করেনি।

