ইন্টার মিলানের তরুণ ফরোয়ার্ড ফ্রান্সেসকো পিও এস্পোসিতো জানিয়েছেন, ক্লাবের সাথে তার চুক্তি নবায়ন নিয়ে তিনি বেশ নিশ্চিন্ত। এ বিষয়ে কোনো বড় ধরনের সমস্যা হবে না বলেই তার বিশ্বাস। ২০২৫-২৬ মৌসুমে ইন্টারের মূল দলে নিজের সক্ষমতার প্রমাণ দেওয়ার পর ২১ বছর বয়সী এই খেলোয়াড় এখন নতুন চুক্তির দ্বারপ্রান্তে। ধারণা করা হচ্ছে, তিনি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এবং তার বার্ষিক বেতন প্রায় তিনগুণ বেড়ে প্রায় ৩.২ মিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে।
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে ইন্টারের সাথে সফরে থাকা এস্পোসিতো স্কাই স্পোর্ট ইতালিয়াকে বলেন, আমি এই বিষয়ে সম্পূর্ণ শান্ত। ইন্টারেই আমি খুশি এবং আমার এজেন্ট ক্লাবের সাথে কথা বলে বিষয়টি সমাধান করবেন। কোনো সমস্যা হওয়ার কারণ নেই। নিজের পারফরম্যান্সের উন্নতির বিষয়ে তিনি বলেন, আমার লক্ষ্য হলো কখনোই থমকে না যাওয়া এবং নিয়মিত উন্নতি করে যাওয়া। ব্যক্তিগত পরিসংখ্যানের পাশাপাশি সার্বিক ফুটবলার হিসেবে আরও ভালো করাই আমার মূল উদ্দেশ্য।
নতুন মৌসুমের প্রস্তুতির বিষয়ে এস্পোসিতো বেশ আত্মবিশ্বাসী। তিনি জানান, দল কঠোর পরিশ্রম করছে এবং মিলান ও জুভেন্টাসের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলো নিজেদের যাচাই করার ভালো সুযোগ। প্রীতি ম্যাচ হলেও ডার্বির গুরুত্ব অনেক এবং তারা প্রতিটি ম্যাচ গুরুত্বের সাথেই খেলবেন। এস্পোসিতোর মতে, ইন্টার একটি শক্তিশালী দল এবং তারা নতুন মৌসুমেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
ইতালি জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েও কথা বলেছেন এস্পোসিতো। তিনি জানান, আগে ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করতে চান, এরপরই তিনি আজ্জুরিদের হয়ে খেলার সুযোগ পাওয়ার আশা করেন। এছাড়া শৈশবের বন্ধু আলেকজান্ডার স্তানকোভিচের সাথে পুনরায় একই দলে খেলতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এস্পোসিতো বলেন, আমাদের বয়স যখন ১১ বছর ছিল, তখন থেকেই আমরা একসাথে খেলছি। ছোটবেলায় আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। এটি সত্যিই চমৎকার অনুভূতি।

