এশিয়ান ফুটবল টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন শক্তি ফর্টিস এফসি। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ আবাহনী লিমিটেড দলবদলে ফিফার নিষেধাজ্ঞা থাকায় এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায়নি। তাদের অনুপস্থিতিতে লিগে তৃতীয় হওয়া ফর্টিস এফসি এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছে ক্লাবটি।
আগামী ১১ আগস্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিতব্য হোম ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস এফসির মুখোমুখি হবে ফর্টিস। এই ম্যাচটিকে ঘিরেই এখন তাদের সব ভাবনা ও প্রস্তুতি। প্রথমবারের মতো এশিয়ান পর্যায়ের কোনো ম্যাচ খেলার চ্যালেঞ্জ মোকাবিলায় তারা দলকেও বেশ শক্তিশালী করেছে। ক্লাবটি ইতোমধ্যে আটজন বিদেশি ফুটবলারকে দলে ভিড়িয়েছে। বর্তমানে কোচ মাসুদ পারভেজ কায়সারের অধীনে ফর্টিসের ক্যাম্প চলছে।
প্রতিপক্ষ মুরাস এফসির শক্তিমত্তা সম্পর্কে কোচ মাসুদ পারভেজ কায়সার জানান, মুরাস ইউনাইটেড একটি অভিজ্ঞ প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। উল্লেখ্য, গত আসরে এই মুরাস ইউনাইটেডের কাছেই ২-০ গোলে হেরেছিল আবাহনী। তবে ফর্টিস ক্লাবের সভাপতি শাহীন হাসান দল নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, এএফসি টুর্নামেন্টে প্রথমবার খেলার অভিজ্ঞতা হলেও তারা যে দল গঠন করেছেন, তাতে তারা ভালো লড়াই জমিয়ে তুলতে সক্ষম হবে।

