পর্তুগিজ ফরোয়ার্ড পেড্রো গনকালভেস জানিয়েছেন, ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনায় যোগ দেওয়ার প্রস্তাব পাওয়ার সাথে সাথেই তিনি রাজি হয়ে গিয়েছিলেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, সৌদি আরবের মোটা অঙ্কের অর্থের প্রস্তাব তাকে কখনোই প্রলুব্ধ করতে পারেনি।
দলবদলের শেষ মুহূর্তে স্পোর্টিং সিপি থেকে ধারে ফিওরেন্টিনায় যোগ দেন এই ফরোয়ার্ড। ইতালিয়ান সংবাদমাধ্যম 'লা নাজিওনে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দলবদলের পেছনের গল্প তুলে ধরেন। গনকালভেস জানান, তিনি পর্তুগাল ছাড়তে প্রস্তুত ছিলেন, তবে তার লক্ষ্য ছিল কেবল ইউরোপের শীর্ষ লিগগুলো— বিশেষ করে ইংল্যান্ড, স্পেন বা ইতালি। সৌদি আরব থেকে প্রস্তাব থাকলেও তা নিয়ে তার কোনো আগ্রহ ছিল না।
ফিওরেন্টিনার সাথে প্রথম যোগাযোগের বিষয়ে তিনি বলেন, প্রথম যোগাযোগটি হয়েছিল আমার ম্যানেজার এবং পরিচালক পারাতিত্সির মধ্যে। এরপর আমি মুহূর্তের মধ্যেই হ্যাঁ বলে দিয়েছিলাম।
দলবদলের শেষ মুহূর্তে ধারে যোগ দেওয়ার পর নিজেকে প্রস্তুত করতে আন্তর্জাতিক বিরতিকে বেশ কাজে লাগিয়েছেন গনকালভেস। তিনি বলেন, নিজের সেরা ছন্দে ফিরতে আমার অন্তত তিন সপ্তাহ সময় লাগত। লিগের এই বিরতির কারণে আমি মনে করি আমরা এখন পুরোপুরি প্রস্তুত।
ক্লাবের হয়ে নিজের লক্ষ্যের কথাও স্পষ্ট করেছেন এই ফরোয়ার্ড। তিনি বলেন, আমি যে প্রচুর গোল করতে চাই, তা তো এখন পরিষ্কার, তাই না? রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর পাশাপাশি আমাকেও অন্যতম গুরুত্বপূর্ণ সাইনিং হিসেবে বিবেচনা করায় আমি আনন্দিত, তবে এগুলো নিয়ে আমি বেশি ভাবি না।
সিরি এ লিগ পুনরায় শুরু হলে গনকালভেস এবং মাস্তান্তুওনোর আক্রমণাত্মক জুটির ওপর অনেকখানি ভরসা করবে ফিওরেন্টিনা। ভায়োলাদের আক্রমণভাগে যে ঘাটতি ছিল, তা এই দুই তারকা পূরণ করবেন বলে আশা করা হচ্ছে।

