হাঙ্গেরি মহাসড়কে পোলিশ তীর্থযাত্রীদের বহনকারী একটি পর্যটক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে উল্টে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে (জিএমটি শনিবার ২৩:০০টা) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নাইরেগিহাজাকে সংযোগকারী এম৩ (M3) মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসটি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। ঘটনার পর চালককে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লো সিকোরস্কি জানিয়েছেন, হাঙ্গেরির পুলিশ ওই চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে তার হাঙ্গেরীয় সমকক্ষ তাকে নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার শিকার ২৪ টন ওজনের ওই বাসটিতে ৫৭ জন যাত্রী এবং দুজন চালক ছিলেন। পোল্যান্ডের সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, বাসটি বসনিয়া ও হার্জেগোভিনা থেকে পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পোদকারপাসি অঞ্চলে ফিরছিল। বাসের যাত্রীরা সবাই পোলিশ তীর্থযাত্রী ছিলেন।
হাঙ্গেরি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দমকলকর্মীরা এ পর্যন্ত বাসটি থেকে ৩৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ক্রেন আসার আগে বাসের পেছনের অংশটি তোলার চেষ্টা করছিলেন উদ্ধারকর্মীরা, যাতে নিচে আটকে পড়া মানুষদের বের করা যায়। হাঙ্গেরির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, নয়জন গুরুতর এবং ৩৭ জন সামান্য আহত হয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

