ইন্টার মিলান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ইতালি জাতীয় দলের খেলোয়াড় ফ্রান্সেস্কো পিও এস্পোসিটো ক্লাবের সাথে নতুন এক দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির ফলে ২১ বছর বয়সী এই স্ট্রাইকার ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নেরাজ্জুরিদের হয়ে খেলবেন। এই নতুন চুক্তির মাধ্যমে ইতালির ফুটবলের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করলেন তিনি।
এস্পোসিটো ইতালির প্রথম কোনো ফুটবলার হিসেবে ছয় বছরের দীর্ঘ চুক্তিতে স্বাক্ষর করলেন। গত বছর পর্যন্ত ইতালির আইন অনুযায়ী কোনো খেলোয়াড় পাঁচ বছরের বেশি মেয়াদের কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করতে পারতেন না। তবে ২০২৫ সালের ৩০ জুন সেই আইন সংশোধন করা হয়, যার ফলে ইতালিতে খেলোয়াড়দের চুক্তির সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করা হয়েছে।
নতুন এই আইনি সুযোগ কাজে লাগানো প্রথম ক্লাব হলো ইন্টার মিলান। আর এস্পোসিটো হলেন ইতালির প্রথম খেলোয়াড়, যিনি এই নিয়ম পরিবর্তনের পর ছয় বছর বা তার বেশি মেয়াদের চুক্তিতে আবদ্ধ হলেন।

