প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৪। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ বা রক্তপাত সৃষ্টি করা উচিত নয়। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা অপরিহার্য। প্রতিটি নাগরিকের যেমন নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে, তেমনি অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকাও জরুরি। সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শ্রীকৃষ্ণের জন্মকাহিনি থেকে ন্যায় ও সততার শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, অন্যায় ও নিষ্ঠুরতার পরিণতি থেকে কেউ রক্ষা পায় না। তিনি আরও যোগ করেন, পেশাগত ক্ষেত্রেও ধর্মীয় পরিচয়ের চেয়ে ন্যায়, সততা ও মানবিকতাই বড়। আদালতে একজন আইনজীবী ধর্মীয় পরিচয়ে নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে এই সম্প্রীতির চেতনা ধারণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির, মহানগর দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানসহ বিচার বিভাগীয় কর্মকর্তা এবং ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

