১৯৮৮ সালের ২১ ডিসেম্বর প্যান অ্যাম ফ্লাইট ১০৩ বিধ্বস্ত হওয়ার ঘটনায় অভিযুক্ত এক লিবিয়ান নাগরিকের বিচার তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বুধবার জুরি নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও, নতুন কিছু তথ্যপ্রমাণ সামনে আসায় বিচার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। বিবিসি’র তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি মাসে বিচারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
অভিযুক্ত আবু আগিলা মাসউদ খেইর আল-মারিমির আইনজীবীরা জানিয়েছেন, ২১ আগস্ট শুক্রবার মার্কিন সরকারের পক্ষ থেকে এমন কিছু নতুন তথ্য পাওয়া গেছে, যা আগে প্রসিকিউশন বা বিবাদী পক্ষের অজানা ছিল। আল-মারিমি ১৯৮৮ সালের সেই বোমা হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন, যেখানে ২৭০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। আইনজীবীরা আদালতের কাছে দাবি করেছেন যে, সাংবিধানিক ও নৈতিক বাধ্যবাধকতার কারণে তাদের এই নতুন তথ্যের তদন্ত করা প্রয়োজন। আল-মারিমির সাথে আলোচনার পর তিনিও বিচারের তারিখ পেছানোর বিষয়ে সম্মত হয়েছেন।
ট্র্যায়েল বিচারক ড্যাবনি ফ্রেডরিখ এই নতুন প্রমাণের গুরুত্ব বিবেচনা করে বিচারের তারিখ পরিবর্তনের আবেদন মঞ্জুর করেছেন। দীর্ঘ প্রস্তুতির পর শেষ মুহূর্তে বিচার পেছানো বিচারকদের জন্য সাধারণত কষ্টসাধ্য হলেও, এই ক্ষেত্রে তিনি তা মেনে নিয়েছেন।
১৯৮৮ সালের ওই ঘটনায় প্যান অ্যাম ১০৩ ফ্লাইটটি হিথ্রো থেকে নিউইয়র্ক যাওয়ার পথে ৩১,০০০ ফুট উচ্চতায় বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয়। এতে বিমানের ২৫৯ জন যাত্রী ও ক্রু এবং লকারবিতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আরও ১১ জনসহ মোট ২৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৯০ জন মার্কিন এবং ৪৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। এটি ব্রিটিশ ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত।
২০২২ সালের ডিসেম্বর থেকে মার্কিন হেফাজতে থাকা আল-মারিমির বিচার মূলত ২০২৫ সালের মে মাসে হওয়ার কথা ছিল। পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও মামলার জটিলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এ বছরের এপ্রিলেও একবার বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
স্কটিশ এবং মার্কিন যৌথ তদন্তের অংশ হিসেবে স্কটল্যান্ডের ক্রাউন অফিস ও পুলিশ স্কটল্যান্ডের কর্মকর্তারা এই বিচার প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। ভিকটিম পরিবারের প্রতিনিধি কারা উইপজ জানিয়েছেন, বিচারের তারিখ পেছানোর খবরটি তাকে হতাশ করেছে, তবে তিনি আশা করছেন নতুন প্রমাণের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। ড. জিম সুইর, যার মেয়ে ফ্লোরা এই হামলায় নিহত হয়েছিলেন, তিনি মনে করেন যদি এই বিলম্বের ফলে আরও সঠিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়, তবে তা ন্যায়বিচারের জন্য ইতিবাচক হবে।
আল-মারিমি বর্তমানে ৭০ বছর বয়সী একজন ব্যক্তি। এর আগে ২০০০ সালে নেদারল্যান্ডসে দুই লিবিয়ান নাগরিকের বিচার হয়েছিল, যার মধ্যে আব্দুলবাসেত আল-মেগ্রাহি দোষী সাব্যস্ত হন। মেগ্রাহি ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অপর অভিযুক্ত আল আমিন খলিফা ফাহিমা খালাস পেয়েছিলেন। মার্কিন সরকার দাবি করছে, আল-মারিমি ২০১২ সালে লিবিয়ার একটি বন্দিশালায় বোমা তৈরির কথা স্বীকার করেছিলেন, যদিও তিনি এই স্বীকারোক্তি চাপের মুখে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন। বিচারক ফ্রেডরিখ এই স্বীকারোক্তিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার অনুমতি দিয়েছেন।

