প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ২৬। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির অংশ হিসেবে ওই দিন শনিবার বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় একটি পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চটি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা পৌর জামায়াত কার্যালয়ে সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম এমপি এবং সভা পরিচালনা করেন জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা জেলার সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপি, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ফাহিম মন্ডলসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা আমির-সেক্রেটারিরা সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, এই লংমার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দেশের মানুষের ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি সরকারকে জনগণের মনোভাব বুঝে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পর্যন্ত লংমার্চ বহরকে অভ্যর্থনা জানাতে হবে এবং পলাশবাড়ীর পথসভাকে সফল করতে হবে।
প্রস্তুতি সভা শেষে নেতৃবৃন্দ ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথায় পথসভার নির্ধারিত স্থান পরিদর্শন করেন। কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুকে আহ্বায়ক এবং সৈয়দ রোকনুজ্জামানকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে আটটি বিভাগীয় কমিটিও গঠন করা হয়েছে।

