নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর ঠিক আগে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে স্বস্তির হাওয়া লেগেছে। চোট কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন দলের স্লোভেনীয় স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো এবং ডাচ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। স্কাই স্পোর্টসের টুইট করা একটি ভিডিওতে এই দুই তারকাকে রেড ডেভিলসদের অনুশীলনে অংশ নিতে দেখা গেছে।
গত মে মাসে লিভারপুলের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে ইব্রাহিমা কোনাটের সাথে সংঘর্ষে জড়িয়ে মাঠের বাইরে চলে যান সেসকো। চোটের কারণে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নিতে পারেননি। অন্যদিকে, ডিফেন্ডার ডি লিট আরও দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে ছিলেন। গত নভেম্বরে পিঠের চোটে পড়ার পর চলতি গ্রীষ্মে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তারা দুজনেই পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার কাছাকাছি রয়েছেন।
দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ আগস্ট (শনিবার) হাল সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে এই দুই খেলোয়াড়কে নাও পেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সেসকো ও ডি লিট ছাড়াও গোলরক্ষক কার্ল ডারলো ও টম হিটন এবং মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তের খেলা নিয়েও সংশয় রয়েছে। তবে পিএসজির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে লিডস ইউনাইটেড ও এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করা মেসন মাউন্ট হাল সিটির বিপক্ষে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন। উল্লেখ্য, ২০ আগস্ট (শুক্রবার) বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও চ্যাম্পিয়নশিপ জয়ী কোভেন্ট্রি সিটির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম।
২০২৬-২৭ মৌসুমের প্রস্তুতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুমের পারফরম্যান্স ছিল বেশ মিশ্র। হেলসিঙ্কিতে চ্যাম্পিয়নশিপের দল রেক্সহ্যামের কাছে ১-০ গোলে হেরে প্রস্তুতি শুরু করেছিল মাইকেল ক্যারিকের দল, যেখানে প্রথমার্ধে একমাত্র গোলটি করেন স্যাম স্মিথ। এরপর ট্রনহাইমে রোজেনবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা, যেখানে পাঁচজন ভিন্ন খেলোয়াড় গোল করেন। স্টকহোমে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে আলো ছড়ান ব্রায়ান এমবুয়েমো।
গোটেনবার্গে ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সাথে ১-১ গোলে ড্র করে ক্যারিকের দল, যেখানে আবারও গোল করেন এমবুয়েমো। এরপর ডাবলিনে লিডস ইউনাইটেডের সাথে ১-১ ড্রয়ের পর পেনাল্টিতে জয় পায় রেড ডেভিলসরা, যেখানে জোশুয়া জির্কজি অংশ নেন। তবে পোল্যান্ডের রোক্লোতে এসি মিলানের কাছে ৪-২ ব্যবধানে হেরে প্রাক-মৌসুম শেষ করে ইউনাইটেড। সেই ম্যাচে হ্যারি ম্যাগুয়্যার ও প্যাট্রিক ডরগু গোল করে দলকে সাময়িকভাবে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি।

