ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ধৈর্যশীল ব্যাটিং করে অপরাজিত ১০৯ রান করেন তিনি। রান তোলার চেয়ে উইকেটে থিতু হওয়াকে বেশি গুরুত্ব দেওয়ায় এই সাফল্য এসেছে বলে ম্যাচ শেষে জানান মিরাজ।
গত মাসে ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পর সাম্প্রতিক সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না মিরাজ। তবে স্বাগতিক দলের বিপক্ষে এই লড়াকু ইনিংসের মাধ্যমে আবারও নিজের কার্যকারিতার প্রমাণ দিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশ একপর্যায়ে ১৫৮ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল। সেখান থেকে দলকে টেনে তোলেন মিরাজ।
১৪১ বলের এই নান্দনিক ইনিংসে মিরাজ ১১টি চার ও ৪টি ছক্কা মারেন। ইনিংসের শেষভাগে হাসান মাহমুদের সঙ্গে ৩০ রান যোগ করার পর শেষ উইকেটে খালেদ আহমেদকে (১৫) নিয়ে গড়েন মূল্যবান ৬৯ রানের জুটি। এই দুই জুটির ওপর ভর করে বাংলাদেশ ৭৫.৫ ওভারে ২৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পক্ষে অফ-স্পিনার কোরি রচিসিওলি ৮৩ রান খরচায় ৬টি উইকেট নিয়ে বড় ধাক্কা দেন।
জবাবে প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক দল ২ উইকেটে ৫১ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
দিনের খেলা শেষে মিরাজ জানান, অপরিচিত কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং ধৈর্য ধরাই ছিল তার এই ইনিংসের মূল চাবিকাঠি। তিনি বলেন, "শুরুর দিকে কিছুটা চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করছিল।" কন্ডিশন নিয়ে তিনি আরও বলেন, "এই কন্ডিশনে প্রথমবার খেলার কারণে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন ছিল। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।"
দ্রুত রান তোলার চেয়ে উইকেট বোঝার ওপর জোর দিয়েছিলেন এই অলরাউন্ডার। তিনি ব্যাখ্যা করেন, "আমি পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলাম। শুরুতে রান তোলার দিকে মনোযোগ ছিল না। উইকেট কেমন আচরণ করছে এবং কীভাবে মানিয়ে নেওয়া যায়, তা বোঝার চেষ্টা করছিলাম। পরে যখন সুযোগ এসেছে, রান করা সহজ হয়ে গেছে। এটাই ছিল আমার পরিকল্পনা।"
টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি তাকে আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস করেন মিরাজ। তিনি বলেন, "সামনে টেস্ট ম্যাচ রয়েছে, তাই এই সেঞ্চুরি অবশ্যই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আজকের এই মানসিকতা ধরে রাখতে পারলে তা আমার এবং দলের জন্য খুবই ভালো হবে।"

