জাপান সফর এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে নেট বোলার হিসেবে যুক্ত হয়েছেন তিন তরুণ পেসার। জাতীয় নির্বাচকরা জম্মু ও কাশ্মীরের রসিখ সালাম দার, মহারাষ্ট্রের ভিকি ওস্টওয়াল এবং উত্তর প্রদেশের কার্তিক ত্যাগীকে এই বিশেষ দায়িত্বের জন্য বেছে নিয়েছেন। রসিখ (২৬), ওস্টওয়াল (২৪) এবং ত্যাগী (২৫) শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন দলের সঙ্গে কাজ করবেন।
জানা গেছে, এই তিন ক্রিকেটার ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে নতুন দিল্লি থেকে টোকিও’র উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের আগে ২১ সেপ্টেম্বর সানো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় দল তাদের প্রথম অনুশীলন সেশনে অংশ নেবে। এরপর দলটি কয়েকদিন সানোতে অবস্থান করবে এবং পরবর্তীতে এশিয়ান গেমসের জন্য নাগোয়াতে যাত্রা করবে, যেখানে তাদের প্রথম ম্যাচটি ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সানোতে অবস্থানকালীন অনুশীলনের জন্য এই তিন নেট বোলারের সহায়তা নেওয়া হবে।
উল্লেখ্য, এশিয়ান গেমসের মূল দলে থাকা নীতীশ কুমার রেড্ডিকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে। এর ফলে বর্তমানে এশিয়ান গেমসের মূল দলে ১৪ জন সদস্য রয়েছেন। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শুভমন গিলের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলটিকে ২৩ সেপ্টেম্বর ত্রিভান্দ্রমের রিপোর্ট করতে বলা হয়েছে। এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরপর ৩০ সেপ্টেম্বর গুয়াহাটি এবং ৩ অক্টোবর নতুন চণ্ডীগড়ে বাকি দুটি ওয়ানডে ম্যাচ খেলা হবে। এরপর ৬ অক্টোবর লখনউ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

