ফুটবল বিশ্বে দলবদলের বাজারে এক চমকপ্রদ গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এসি মিলানের পর্তুগিজ উইঙ্গার রাফায়েল লিয়াও এবং ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন ডিয়াসের মধ্যে একটি অদলবদল বা সোয়াপ চুক্তির প্রস্তাব আসতে চলেছে। ফুটবল দুনিয়ার অন্যতম প্রভাবশালী সুপার এজেন্ট মেন্দেস এই দলবদলের নেপথ্যে কাজ করছেন বলে জানা গেছে।
ইতালীয় সংবাদমাধ্যম স্পোর্ট মিডিয়াসেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মিলানের ক্লাব সদরদপ্তর 'কাসা মিলান'-এ দীর্ঘ সময় কাটিয়েছেন মেন্দেস। সেখানে তার পরবর্তী বড় পরিকল্পনা হতে পারে লিয়াওকে ম্যানচেস্টার সিটিতে পাঠানো। এর বিনিময়ে নগদ অর্থসহ পর্তুগিজ আন্তর্জাতিক ডিফেন্ডার রুবেন ডিয়াসকে এসি মিলানে নিয়ে আসার প্রস্তাব দেবেন তিনি।
মূলত এসি মিলান তাদের তারকা উইঙ্গার লিয়াওয়ের জন্য একটি নতুন সমাধান খুঁজছে। ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা এই ফুটবলারের জন্য ৫০ মিলিয়ন ইউরো এবং সঙ্গে অতিরিক্ত অ্যাড-অন পরিশোধ করতে আপাতত কোনো ক্লাবই আগ্রহ দেখাচ্ছে না। চলতি গ্রীষ্মে মিলানের দলবদল কৌশলের বড় অংশ নিয়ন্ত্রণ করছেন মেন্দেস। নতুন কোচ রুবেন আমোরিম, পিএসজি থেকে স্ট্রাইকার গনসালো রামোস এবং আরসি স্ট্রাসবার্গ থেকে ডিয়েগো মোরেইরার আগমনের পেছনেও তার বড় ভূমিকা ছিল।
অন্যদিকে, রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে চাইছে এসি মিলান। ইতিমধ্যেই তারা লাৎসিও থেকে মারিও গিলাকে দলে ভিড়িয়েছে। তবে কোচ আমোরিমের খেলার ধরন ও কৌশল বোঝেন, এমন আরও ডিফেন্ডার খুঁজছে ক্লাবটি। এই পরিস্থিতিতে ২৯ বছর বয়সী রুবেন ডিয়াস মিলানের জন্য দারুণ এক বিকল্প হতে পারেন। উল্লেখ্য, গত মে মাসে ২৯ বছরে পা দেওয়া ডিয়াসের সঙ্গে চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের নামও জড়িয়েছিল।

