স্পেনে বুধবার দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে সংযোগকারী রেললাইনে গত নয় মাসের মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
দুর্ঘটনাস্থলের ফুটেজ প্রকাশ করেছে আঞ্চলিক কাস্টিলা-লা মাঞ্চা টেলিভিশন। এতে দেখা যায়, একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের একটি উঁচু অংশে ঝুলে আছে। এছাড়া দুর্ঘটনাস্থলের নিচের দিকে রেললাইনের বাঁধ বরাবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের ধ্বংসাবশেষ, দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব অংশ এবং ভেঙে পড়া প্যানেল।
ট্রেনের যাত্রী মিগুয়েল, যিনি তার সহকর্মীদের সাথে পেছনের কামরায় ভ্রমণ করছিলেন, দুর্ঘটনার মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে কোপ রেডিওকে বলেন, আমরা একটি বিকট শব্দ শুনতে পাই। এটি ছিল ১০ সেকেন্ড স্থায়ী এক বিশাল ধাক্কা, যেন ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছিল। ডানদিকের জানালা দিয়ে আমরা অন্য একটি বিধ্বস্ত ট্রেন দেখতে পাই।
কাস্টিলা-লা মাঞ্চা আঞ্চলিক সরকার জানিয়েছে, মৃতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ জন বলা হলেও পরবর্তীতে তা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই সংঘর্ষের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যার মাত্র নয় মাস আগে একই অপারেটরের দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন প্রাণ হারিয়েছিলেন। কর্ডোবা প্রদেশের অ্যাডামুজের কাছে জানুয়ারিতে ঘটা সেই দুর্ঘটনার পর থেকে রেলওয়ে রক্ষণাবেক্ষণে বিনিয়োগের অভাব নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।
