মঙ্গলবার তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ আন্তালিয়ার কেপেজ জেলায় একটি নির্মাণাধীন সাইটে শক্তিশালী টর্নেডোর আঘাতে চারজন শ্রমিক নিহত হয়েছেন। শক্তিশালী এই ঝড়ের কবলে পড়ে শ্রমিকদের থাকার একটি কন্টেইনার সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
আন্তালিয়ার গভর্নর হুলুসি শাহিন সাংবাদিকদের জানান, ঝড়ের সময় আরেকটি কন্টেইনারে অবস্থান করা পঞ্চম এক শ্রমিক আহত হয়েছেন। আহত ওই শ্রমিকের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। গভর্নর আরও জানান, নিহতদের মধ্যে তিনজন সিরীয় নাগরিক।
প্রবল ঝড়ের কারণে নির্মাণাধীন সাইটটিতে থাকা একটি ক্রেনও ভেঙে পড়েছে। এর আগে দেশটির আবহাওয়া সংস্থা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছিল। গভর্নর শাহিন জানিয়েছেন, কেপেজ বা আন্তালিয়ার অন্যান্য এলাকায় এই ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আন্তালিয়া আগামী মাসে জাতিসংঘের জলবায়ু সম্মেলন 'কপ৩১' (COP31) আয়োজন করতে যাচ্ছে।
ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে মাঝে মধ্যেই টর্নেডোর প্রকোপ দেখা দেয়, তবে প্রাণহানির মতো ঘটনা সেখানে বিরল। এর আগে চলতি মাসের শুরুর দিকে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যায় আটজনের মৃত্যু হয়েছিল।

