আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন সূচক বা 'পিসা' (PISA) ২০২৫-এর র্যাঙ্কিংয়ে তুরস্কের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানিয়েছেন, পঠন, লিখন ও বিজ্ঞান—এই তিন ক্ষেত্রে দেশের র্যাঙ্কিং ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সোমবার আঙ্কারার গাজী আনাতোলিয়ান হাই স্কুলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ান এই সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, মূল্যায়নের তিনটি খাতেই উল্লেখযোগ্যভাবে পারফরম্যান্স উন্নত করা একমাত্র দেশ হলো তুরস্ক। এই গৌরবময় অর্জনকে যারা খাটো করে দেখার চেষ্টা করছে, তাদের সমালোচনা করে এরদোয়ান বলেন, এই সাফল্য পুরো তুর্কি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয় হওয়া উচিত।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী, পিসা ২০২৫-এর বিজ্ঞান, পঠন এবং গণিত বিষয়ে ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কই সবচেয়ে বেশি স্কোর অর্জন করেছে। ২০২২ সালের তুলনায় এই তিনটি বিষয়েই তুরস্কের স্কোর বৃদ্ধি পেয়েছে। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে তুরস্ক বিজ্ঞানে ১৫ ধাপ, পঠনে ১৮ ধাপ এবং গণিতে ১১ ধাপ এগিয়ে গেছে।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক মূল্যায়নে বিশ্বের ৯১টি দেশ ও অঞ্চলের ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়। ২০০৩ সাল থেকে তুরস্ক এই মর্যাদাপূর্ণ মূল্যায়ন কার্যক্রমে অংশ নিয়ে আসছে।

