তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ আন্তালিয়ায় একটি ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে এক স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপকের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, এই ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
গত সোমবার আন্তালিয়ার আকসু জেলায় প্রথম এই আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তীব্র বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী কেপেজ জেলায় ছড়িয়ে পড়ে। এর ফলে শত শত বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তবে এই দাবানলের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
আকসু জেলার মেয়র ঈসা ইলদিরিম জানান, হাসান কাহইয়া নামের স্থানীয় এক বাসিন্দা অগ্নিনির্বাপকদের সাহায্য করার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এছাড়া মঙ্গলবার পায়ে দগ্ধ হয়ে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অন্য ছয়জনকে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আকসুর একটি পশু আশ্রয়কেন্দ্র থেকে ১০০টিরও বেশি কুকুর নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
তুরস্কের বন অধিদপ্তর জানিয়েছে, বুধবারও আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত ছিল এবং আগুনের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ৩টি অগ্নিনির্বাপক বিমান, ৯টি হেলিকপ্টার, ১৬৯টি পানির গাড়ি এবং ১,০০০-এরও বেশি অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে।
এর পাশাপাশি, দেশটির দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশের কোজান জেলাতেও আরেকটি দাবানল ছড়িয়ে পড়েছে। বন অধিদপ্তর জানিয়েছে, সেখানেও আগুন নেভাতে কাজ করছেন অগ্নিনির্বাপকরা এবং ইতোমধ্যে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

