আসন্ন ভারত সফরের জন্য সাদা বলের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান ওপেনার কামিল পুরান। এছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন শিমরন হেটমায়ার, তবে পুরো সফর থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সফরে ওয়েস্ট ইন্ডিজ দল ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
সদ্য সমাপ্ত সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৬-এ সেন্ট লুসিয়া কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়েন কামিল পুরান। টুর্নামেন্টে ৮ ইনিংসে ১৫৯.৬৪ স্ট্রাইক রেটে ২৭৩ রান করেন তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রতিভা অন্বেষণ ও তাদের গড়ে তোলার অংশ হিসেবেই পুরানকে দলে নেওয়া হয়েছে।
এদিকে সিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শিমরন হেটমায়ারকে সিপিএল-পরবর্তী দীর্ঘ বিশ্রামের সুযোগ দিতে ওয়ানডে দল থেকে বাইরে রাখা হয়েছে। তবে ওয়ানডে খেলবেন না বললেও হেটমায়ার ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যোগ দেবেন। এর আগে গত জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের শেষ দুটি ওয়ানডেতে খেলেছিলেন তিনি, যেখানে পঞ্চম ম্যাচে তার অপরাজিত ৬৯ রানের ইনিংসটি দলকে জেতাতে সাহায্য করেছিল। সিডব্লিউআই জানিয়েছে, হেটমায়ার দলের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে তাকে কেবল বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে।
সাবেক অধিনায়ক জেসন হোল্ডারকে ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনো দলেই রাখা হয়নি। ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে ওয়ানডে না খেললেও গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলেছিলেন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার কোয়েন্টিন স্যাম্পসন। তবে গত আগস্টে অস্ত্রোপচার হওয়া টপ অর্ডার ব্যাটার আকিম অগাস্ট চোট থেকে সেরে না ওঠায় সফর থেকে ছিটকে গেছেন। ওয়ানডে এবং টি-টোয়েন্টি—উভয় দলেই রাখা হয়েছে জুয়েল অ্যান্ড্রুকে, যিনি সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন। দুটি দলেরই নেতৃত্ব দেবেন শাই হোপ।
দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, "বিশ্বের শীর্ষ দলের বিপক্ষে খেলা আমাদের ওয়ানডে দলের পারফরম্যান্স আরও নিখুঁত ও উন্নত করার সুযোগ এনে দেবে, যারা পুরো চক্র জুড়ে মানসম্পন্ন পারফর্ম করেছে। এই সিরিজটি ২০২৭ সালের বিশ্বকাপকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা খেলোয়াড়দের মূল্যায়ন করার একটি দারুণ প্ল্যাটফর্ম তৈরি করবে।"
ভারতের আটটি শহরে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ক্যারিবীয় দলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশ ছাড়বে এবং ২৩ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে পৌঁছাবে। এই সফরের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সময়সীমা শেষ করবে। তবে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচগুলো জিতলেও পয়েন্ট তালিকায় তাদের প্রতিদ্বন্দ্বীদের টপকাতে পারবে না, ফলে আগামী বছরের শুরুতে তাদের বাছাইপর্ব খেলতে হবে।
শাই হোপ (অধিনায়ক)জুয়েল অ্যান্ড্রুজন ক্যাম্পবেলকেসি কার্টিরোস্টন চেজম্যাথু ফোর্ডজাস্টিন গ্রিভসআমির জাঙ্গুআলজারি জোসেফশামার জোসেফভিটেল লসগুদাকেশ মোতিকিমো পলশেরফেন রাদারফোর্ডজেইডেন সিলসওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক)জুয়েল অ্যান্ড্রুরোস্টন চেজম্যাথু ফোর্ডশিমরন হেটমায়ারআকিল হোসেনশামার জোসেফগুদাকেশ মোতিকিমো পলকামিল পুরানরভম্যান পাওয়েলশেরফেন রাদারফোর্ডকোয়েন্টিন স্যাম্পসনরোমারিও শেফার্ডশামার স্প্রিঙ্গার

