চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীকে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বরখাস্ত হওয়া ওই কর্মচারীর নাম শুভ চন্দ্র বর্মন, যিনি ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শুভ চন্দ্র বর্মনকে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে টাকা নিতে দেখা যায়। গত ৭ অক্টোবর ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রকাশ্যে ঘুষ লেনদেন’ শিরোনামে এই ভিডিও ফুটেজ ও সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসনের নজরে আসে।
অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
জেলা প্রশাসনের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের কোনো বৈধ আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্বে থাকাকালে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল। এছাড়া, ওই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের উদ্দেশ্যে অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর জন্য হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

