পূর্ব মালির মেনাকা অঞ্চলে ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট উগ্রবাদীদের ভয়াবহ হামলায় ৪৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এক আইনপ্রণেতা অ্যাসোসিয়েটেড প্রেসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় ট্রানজিশনাল কাউন্সিলের সদস্য ও তুয়ারেগ নেতা মুসা আগ আচারের মতে, ইসলামিক স্টেট ইন সাহেল প্রভিন্স (আইএসএসপি)-এর যোদ্ধারা রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই হামলা চালায়। নিহতদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।
হামলাকারী গোষ্ঠীটির অভিযোগ, ওই বেসামরিক নাগরিকরা মালি সেনাবাহিনীর কাছে আইএসএসপি-র অবস্থান সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মূলত প্রতিশোধমূলক হামলাটি চালানো হয়। উল্লেখ্য, মালি সেনাবাহিনী সম্প্রতি ওই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছিল।
আইএসএসপি মূলত মেনাকা অঞ্চলকে কেন্দ্র করে সক্রিয়। এছাড়া বুরকিনা ফাসো ও নাইজারেও গোষ্ঠীটির উপস্থিতি রয়েছে। মেনাকা অঞ্চলে আইএসএসপি-র সঙ্গে জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) নামে আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর তীব্র আধিপত্যের লড়াই চলছে।

