লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে নিত্য রমানের জয়

সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস নগরীর মেয়র নির্বাচনে বর্তমান মেয়র কারেন বাসকে পরাজিত করেছেন সিটি কাউন্সিলর নিত্য রমান। আগামী দিনে তিনি লস অ্যাঞ্জেলেসের পরবর্তী মেয়র হিসেবে দায়িত্ব সামলাবেন। দেশজুড়ে ডেমোক্র্যাটদের বড় ধরনের নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতায় রমানের এই জয় এসেছে।

লস অ্যাঞ্জেলেসে ২০০৫ সালের পর এই প্রথম কোনো পদে থাকা বর্তমান মেয়রকে চ্যালেঞ্জারের কাছে পরাজিত হতে দেখা গেল। ২০০৫ সালে আন্তোনিও ভিলারেগোসা তৎকালীন মেয়র জেমস হ্যানকে পরাজিত করেছিলেন। নির্বাচনের কিছু দিন আগে ইউসি বার্কলে ইনস্টিটিউট অব গভর্নমেন্টাল স্টাডিজ এবং লস অ্যাঞ্জেলেস টাইমসের এক যৌথ জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে বাস এবং রমান উভয়েরই সমান ৪০ শতাংশ সমর্থন দেখা গিয়েছিল। এর আগে জুন মাসের প্রাথমিক (প্রাইমারি) নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া প্রার্থী স্পেন্সার প্র্যাটকে পেছনে ফেলে এ দুজন সাধারণ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন।

বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিত্য রমান লস অ্যাঞ্জেলেসের পরবর্তী মেয়র হওয়ার সুযোগ পেয়ে গভীর সম্মান প্রকাশের কথা জানান। তিনি বলেন, "যে হাজার হাজার মানুষ দ্বারে দ্বারে গিয়েছেন, বার্তা পাঠিয়েছেন, ফোন করেছেন এবং এই বড়, সুন্দর ও আনন্দময় শহরের স্বপ্নে প্রতিবেশীদের বিশ্বাস করাতে পেরেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।" যারা কারেন বাসকে ভোট দিয়েছেন বা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি প্রতিদিন সিটি হলে যাবেন যাতে তাদের আস্থা এবং শহরের ওপর তাদের বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনতে পারেন।

একই ভিডিও বার্তায় রমান বিদায়ী মেয়র কারেন বাসকে শ্রদ্ধা জানান এবং লস অ্যাঞ্জেলেসের প্রথম নারী মেয়র হিসেবে তার বহু দশকের সেবার কথা স্মরণ করেন। তিনি বলেন, "তিনি বহু দশক ধরে লস অ্যাঞ্জেলেসের সেবা করেছেন। শুধু এই শহরের মানুষই নয়, পুরো দেশের বহু মানুষ লস অ্যাঞ্জেলেসকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার নিষ্ঠার জন্য কৃতজ্ঞ।"

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে পরাজয় মেনে নেন কারেন বাস। তিনি জানান, রমানকে ফোন করে জয় নিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং ক্ষমতার নির্বিঘ্ন হস্তান্তর নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাস লেখেন, "যদিও এটি আমাদের প্রত্যাশিত ফল নয়, তবে লস অ্যাঞ্জেলেসের জনগণ তাদের রায় দিয়েছেন।" তিনি তার সমর্থক ও প্রচারণায় নিয়োজিত অন্য নেতাদের ধন্যবাদ জানান এবং সকলের জীবনমানের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাসের পরাজয় মেনে নেওয়ার ঘোষণার পর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল নতুন মেয়র রমানকে অভিনন্দন জানান এবং বাসকে তার মেয়াদের জন্য ধন্যবাদ জানান। ম্যাকডোনেল এক বিবৃতিতে বলেন, পেশাদার, সাংবিধানিক ও সংবেদনশীল পুলিশিং সেবা দিয়ে লস অ্যাঞ্জেলেসকে সবার জন্য নিরাপদ করতে তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।

পাশাপাশি লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার ক্যাথরিন বার্গারও রমানের জয়কে স্বাগত জানিয়ে বলেন, ভোটাররা তাদের সিদ্ধান্ত দিয়েছেন এবং এখন সরকার পরিচালনার সময়। গৃহহীনতা নিরসন, জননিরাপত্তা জোরদার করা, আবাসনের ব্যয়সীমা বজায় রাখা এবং আসন্ন অলিম্পিকের প্রস্তুতি গ্রহণে নতুন মেয়রের সাথে মিলেমিশে কাজ করার কথা জানান তিনি।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মতাদর্শের অনুসারী নিত্য রমান ২০২০ সালে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলে প্রথম নির্বাচিত হন। তার আগে তিনি সিলভার লেক নেইবারহুড কাউন্সিল হোমলেসনেস কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন এবং গৃহহীনদের অধিকার রক্ষায় একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন। নগর কাউন্সিলর হিসেবে ২০২৫ সালে ১৯৭৮ সালের আগে নির্মিত ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টগুলোতে বাৎসরিক সর্বোচ্চ ভাড়া বৃদ্ধির ওপর একটি সীমা নির্ধারণের প্রস্তাব এনে পাস করান (১৩-২ ভোটে), যা তার অন্যতম উল্লেখযোগ্য অর্জন ছিল। তিনি জানান, ছোট ব্যবসাগুলোর সহায়তায়ও তিনি একইভাবে কাজ করতে চান। প্রাথমিক নির্বাচনের আগে কারেন বাসকে সমর্থন দিলেও গত ফেব্রুয়ারিতে চমকপ্রদভাবে রমান নিজে মেয়র পদের জন্য প্রার্থিতা ঘোষণা করেন এবং প্রচারণার শুরুতে নিজের উদ্যোগকে 'লং শট' বা কঠিন কাজ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

দুই দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে থাকা কারেন বাস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য এবং লস অ্যাঞ্জেলেসের ৪৩তম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, এই নির্বাচনই ছিল তার জীবনের শেষ নির্বাচনী প্রচারণা। লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা বাস প্রথমে নার্স ও ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে মাদকাসক্তি, দারিদ্র্য ও অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে অনুন্নত বাসিন্দাদের সহায়তায় 'কমিউনিটি কোয়ালিশন' প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করা বাস সেখানে কোনো রাজ্য আইনসভার প্রথম কৃষ্ণাঙ্গ নারী স্পিকার হওয়ার রেকর্ড গড়েন। ২০১০ সালে তিনি কংগ্রেসে নির্বাচিত হয়ে টানা ১২ বছর দায়িত্ব পালন করেন। মেয়রের প্রাথমিক নির্বাচনে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমর্থন পেয়েছিলেন। এমনকি নির্বাচনের এক সপ্তাহ আগে ২০২২ সালের সাবেক প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার রিক কারুসোও বাসের পক্ষে সমর্থন জানিয়েছিলেন।

শিরোনাম :
লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে নিত্য রমানের জয় ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য মা শিংরুই এপ্রিল-মার্চ অর্থবছরের পথে বাংলাদেশ, ২০২৭-২৮ হবে ৯ মাসের বিদায়ী ম্যাচ খেলতে আগ্রহী নন ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসের জয় নিয়ে সমালোচকদের এক হাত নিলেন স্পালেত্তি মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, প্রযুক্তি শেয়ারে বড় ধস আইপিএলে সিএসকে ও এসআরএইচের মধ্যে চার ক্রিকেটারের অদলবদল ২০২৬ মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদে ৪০ আসন জয় ডেমোক্র্যাটদের ওলেশকির যুদ্ধবিরতি শান্তির পথে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সূচনা: মেলানিয়া কম্বোডিয়ায় অনাহারে ও বিনা চিকিৎসায় কুলাউড়ার তরুণের মৃত্যু লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে নিত্য রমানের জয় ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য মা শিংরুই এপ্রিল-মার্চ অর্থবছরের পথে বাংলাদেশ, ২০২৭-২৮ হবে ৯ মাসের বিদায়ী ম্যাচ খেলতে আগ্রহী নন ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসের জয় নিয়ে সমালোচকদের এক হাত নিলেন স্পালেত্তি মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, প্রযুক্তি শেয়ারে বড় ধস আইপিএলে সিএসকে ও এসআরএইচের মধ্যে চার ক্রিকেটারের অদলবদল ২০২৬ মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদে ৪০ আসন জয় ডেমোক্র্যাটদের ওলেশকির যুদ্ধবিরতি শান্তির পথে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সূচনা: মেলানিয়া কম্বোডিয়ায় অনাহারে ও বিনা চিকিৎসায় কুলাউড়ার তরুণের মৃত্যু