যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর গ্রেপ্তার অভিযানের আতঙ্ক কাটিয়ে কয়েকটি শহরে পুনরায় শুরু হচ্ছে মেক্সিকোর ঐতিহ্যবাহী উৎসব 'দিয়া দে লস মুয়ের্তোস' বা 'ডে অব দ্য ডে'। গত বছর আইসিই অভিযানের ভয়ে কেন্টাকির হেনডারসনসহ বেশ কিছু শহরে উৎসবের আয়োজন বাতিল করা হয়েছিল। তবে এ বছর ল্যাটিনো সম্প্রদায়ের তীব্র আগ্রহে পুনরায় প্রকাশ্য এ উদ্যাপন ফিরিয়ে আনা হচ্ছে।
কেন্টাকির প্রায় ২৭ হাজার বাসিন্দার শহর হেনডারসনে প্রতি বছরই এই আনন্দ উৎসবে অংশ নিতেন ১৯ বছর বয়সী জুলিয়া ও তাঁর পরিবার। মেক্সিকো থেকে আসা তাঁর মা-বাবা সেখানে ঐতিহ্যবাহী আ গুয়াস ফ্রেসকাস, হরচাতা এবং মিষ্টি রুটি বিক্রি করতেন। ২০২৩ সালে মেক্সিকোতে মারা যাওয়া ভায়োলিন বাদক দাদাকে স্মরণ করে ২০২৪ সালে তারা ফুল ও ভায়োলিন দিয়ে একটি বিশেষ বেদি তৈরি করেছিলেন। কিন্তু ২০২৫ সালে আইসিই-এর গ্রেপ্তার আতঙ্কে আয়োজকরা উৎসবটি বাতিল করেন।
হেনডারসন কাউন্টির জাজ ও এক্সিকিউটিভ এবং এই উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ব্র্যাড শ্নাইডার জানান, অভিবাসন কেন্দ্রিক তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও বিতর্কিত ছিল। স্থানীয় ল্যাটিনো সম্প্রদায় থেকে তারা স্পষ্ট বার্তা পেয়েছিলেন যে আইসিই-এর ভয়ে উৎসবে কেউ আসবেন না। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা শ্নাইডার চার দশক আগে হেনডারসনে আসেন। মার্কিন সেন্সাস ব্যুরোর তথ্যমতে, বর্তমানে সেখানকার মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ ল্যাটিনো সম্প্রদায়ভুক্ত।
২০১৫ সালের জেমস বন্ডের চলচ্চিত্র 'স্পেকটার'-এ মেক্সিকো সিটির ডে অব দ্য ডে আয়োজন দেখে অনুপ্রাণিত হন শ্নাইডার। এরপর পার্শ্ববর্তী ইনডিয়ানার ইভানসভিলে মেক্সিকান রেস্তোরাঁর মালিক আব্রাহাম ব্রাউনের পরামর্শে ২০১৯ সালে হেনডারসনে প্রথম এই উৎসবের সূচনা হয়। মারিয়াচি ব্যান্ড, মেক্সিকান খাবার, ফেস-পেইন্টিং এবং কৃত্রিম কবরস্থানে সমাধি সাজানোর মধ্য দিয়ে শুরু থেকেই এটি জনপ্রিয়তা পায়। কিন্তু ২০২৫ সালে প্রাপ্তবয়স্কদের কাছ থেকে শিশুদের আলাদা করার মতো খবরের প্রেক্ষাপটে ল্যাটিনোদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। চলতি বছর স্থানীয় দোকান ও রেস্তোরাঁগুলোতে মতামত নেওয়ার পর উৎসবটি ফের চালুর সর্বসম্মত সাড়া পাওয়া যায়।
একইভাবে ক্যালিফোর্নিয়ার লং বিচেও গত বছর বাতিলের পর পুনরায় এই উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। লং বিচ সিটি কাউন্সিলের সদস্য মেরি জেনদেজাস জানান, পরিবার ও বন্ধুদের সঙ্গে এই ঐতিহ্য উদযাপনের সুযোগ ধরে রাখতেই এ বছর উৎসবের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ম্যাসাচুসেটসের ওয়ারচেস্টারে গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা না চালিয়ে একটি ঘরোয়া স্থানে গোপনে ছোট পরিসরে উৎসবটি পালন করা হয়। আয়োজক ও শহরটির ইয়ুথ অপারচুনিটিজ বিভাগের প্রধান রাকেল কাস্ত্রো জানান, অপরিচিত কারো প্রবেশ ঠেকাতে এবং গাড়ির কাছাকাছি পার্কিং নিশ্চিতে তখন সতর্ক থাকতে হয়েছিল।
তবে চলতি বছরের ২৪ অক্টোবর ওয়ারচেস্টারের একটি স্থানীয় পার্কে প্রকাশ্যে উৎসবটি পালন করা হয়। 'আ মোর কোমো রিলিজিয়েনসিয়া' (সহনশীলতাই ভালোবাসা) থিমে আয়োজিত এই উৎসবে মারিয়াচি ব্যান্ড, ডিজে ও শিল্পের প্রদর্শনী ছিল, যেখানে প্রায় ২,০০০ মানুষ অংশ নেন। ইকুয়েডর থেকে আসা কাস্ত্রো বলেন, "কঠিন সময়ে টিকে থাকা এবং আনন্দ ছড়িয়ে দেওয়া সহজ নয়, কিন্তু আমরা মনে করেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
প্রকাশ্য উৎসবে ল্যাটিনোদের অংশগ্রহণ বাড়লেও আইসিই-এর অভিযান থেমে নেই। ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ এবং ২০২৬ সালের শুরুতে মিনিয়াপলিসে বিতর্কের সৃষ্টি করলেও চলতি বছরের জুন ও জুলাইয়ে আইসিই-এর গ্রেপ্তার ও আটক রাখার ঘটনা আরও বেড়েছে। টেক্সাসের সান আন্তোনিওতে আইসিই ৫১ মিলিয়ন ডলারের চুক্তিতে দুটি অফিস স্পেস ভাড়া নিয়েছে এবং প্রতিদিন ১,৫০০ মানুষকে আটক রাখার মতো একটি ডিটেনশন সেন্টার চালুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে 'সান আন্তোনিও এক্সপ্রেস-নিউজ'।
আইসিই-এর এই তৎপরতার মুখে সান আন্তোনিওর স্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান 'প্ল্যানেট কে' ২০ বছরের পুরনো তাদের বার্ষিক ডে অব দ্য ডে উৎসবটি বাতিল করেছে। ফেসবুকে আয়োজকরা লেখেন, "আইসিই-এর সন্ত্রাসের মুখে মানুষকে একত্রে জড়ো করতে আমরা রাজি নই।" স্থানীয় সিটি কাউন্সিল সদস্য মারিনা অলদেরেতে গাভিতো এই ঐতিহ্য বন্ধ হয়ে যাওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। এছাড়া নিউ জার্সির অ্যাসবুরি পার্ক এবং ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতেও এ বছর উৎসবটি বাতিল করা হয়েছে।
উৎসবে কোনো অভিযান চালানো হবে কি না, দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে আইসিই-এর গণসংযোগ বিভাগে জানতে চাওয়া হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম 'হেনডারসোনিয়ান'-এর প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসেই কেন্টাকির হেনডারসন থেকে ৮ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। গ্রেপ্তারদের মধ্যে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ও মাধ্যমিক শিক্ষার শিক্ষার্থী জুলিয়ার গির্জার সদস্য এবং তাঁর এক উপার্জনক্ষম আত্মীয়।
নিরাপত্তার স্বার্থে 'জুলিয়া' ছদ্মনাম ব্যবহার করা ১৯ বছর বয়সী এই তরুণীর মা সম্প্রতি স্থায়ী বসবাসের অনুমতি পেলেও তাঁর বাবা এখনো তা পাননি। তা সত্ত্বেও এই শনিবারে উৎসবে খাবার বিক্রি করার পরিকল্পনা করছে পরিবারটি। জুলিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন ও পুরনো গ্রাহকদের আবার আসতে দেখে এবং বিভিন্ন সংস্কৃতিকে উদযাপনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তিনি আশা করেন পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

