মেক্সিকোর স্টেট অফ মেক্সিকোর একটি শহরে ধর্মীয় উৎসব চলাকালে আতশবাজির ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৬৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় একটি দেয়াল ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
শনিবার রাতে মেক্সিকো সিটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত তেমাসকালসিঙ্গো পৌরসভার নুয়েস্ত্রা সেনোরা দে লা লুজ গির্জার পাশে এই দুর্ঘটনা ঘটে। ৬৬ হাজার বাসিন্দার এই পৌরসভায় স্থানীয় এক ধর্মীয় উৎসবের অংশ হিসেবে আতশবাজি প্রদর্শনী দেখার জন্য শত শত মানুষ সমবেত হয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষ বেঁচে যাওয়াদের খোঁজে ছোটাছুটি করছেন। স্থানীয় একজন বিশপ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন যাজকও রয়েছেন।
মেক্সিকোর বিভিন্ন রাস্তায় আয়োজিত ধর্মীয় উৎসবে আতশবাজির ব্যবহার বেশ সাধারণ, তবে এ ধরনের বিস্ফোরণ প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। প্রায় চার বছর আগে ইদালগো রাজ্যের হুয়েজুৎলা পৌরসভার একটি গ্রামে আতশবাজির শক্তিশালী বিস্ফোরণে ১৭ জন আহত হয়েছিলেন।
মেক্সিকো স্টেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

