খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ইমাম হাসান (২৪) নামের এক ক্যান্টিন কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। আটক ইমাম হাসান প্রায় দুই বছর ধরে ওই হলের ক্যান্টিনে কাজ করছিলেন এবং তিনি ক্যান্টিন মালিক আসাদুজ্জামানের ছেলে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, হলের ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে শিক্ষার্থীরা তা যাচাই করেন। তাদের অভিযোগ, ওই মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করতেন এবং সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতেন। এ বিষয়ে তার স্ত্রীও অবগত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন পকেট গেট এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা দীর্ঘদিনের। এর আগে ক্যাম্পাসে শিক্ষকদের দ্বারা যৌন হয়রানির ঘটনাগুলোতেও কোনো সুষ্ঠু বিচার না পাওয়ার অভিযোগ তুলে তারা ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ করে তারা প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছিলেন।

