জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের জীবনের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার ও জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হবিগঞ্জে এক কলেজশিক্ষার্থীর ওপর হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান দেশে এসে পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু একজন কলেজশিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনা কী বার্তা দিচ্ছে? শেখ হাসিনা শত শত মানুষের চোখ নষ্ট করে আজ নির্বাসিত। নতুন বাংলাদেশে আর একজনের চোখ নষ্ট করে জনগণকে কী বোঝাতে চাওয়া হচ্ছে? তিনি আরও বলেন, সেই কিশোরের চোখ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
নাহিদ ইসলাম স্পষ্ট করেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন। তবে তাদের ছবি ব্যবহার করে সন্ত্রাস, জমি দখল বা চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে বঙ্গবন্ধুর নামে রাজনৈতিক ব্যবসা হয়েছে, এখন জিয়াউর রহমানের নামেও কোনো রাজনৈতিক ব্যবসা হতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি সন্ত্রাস বন্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ইতিমধ্যে ভোট কারচুপির নমুনা দেখা যাচ্ছে। সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী ব্যবহার করে জাতীয় নির্বাচনের মতো ইঞ্জিনিয়ারিং স্থানীয় সরকার নির্বাচনে হতে দেওয়া হবে না। জনগণকে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পক্ষে ও যোগ্য প্রার্থীর পক্ষে দাঁড়াতে হবে। কানাইঘাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, এখানেও ভোটাধিকার ক্ষুণ্ন হলে নব্য ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঝুঁকি তৈরি হবে, যা তারা প্রতিরোধ করবেন। সমাবেশে তিনি স্থানীয় সরকার নির্বাচনে গোলাম বোরহান উদ্দিন ইউসুফের প্রতি সমর্থন জানিয়ে তার পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

