ট্রেন্ট রকেটের সহকারী কোচ হলেন ক্যাথরিন সিভার-ব্রান্ট

ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্যাথরিন সিভার-ব্রান্ট ২০২৬ সালের উইমেনস দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য ট্রেন্ট রকেটের সহকারী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটি তার প্রথম কোচিং ক্যারিয়ারের সূচনা। এই নতুন ভূমিকায় তিনি তার স্ত্রী ও ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের সাথে কাজ করার সুযোগ পাবেন।

ক্রিকেটে অসামান্য অবদানের জন্য গত মাসে ওবিই (OBE) খেতাবে ভূষিত হওয়া ক্যাথরিন ইংল্যান্ডের নারী ক্রিকেটের ইতিহাসে সব ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি ওডিআইতে ১৭০টিসহ মোট ৩৩৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ২০০৯ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি এবং ২০১৭ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি খেলোয়াড় হিসেবেও ট্রেন্ট রকেটের হয়ে মাঠ মাতিয়েছেন।

নতুন এই দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ক্যাথরিন বলেন, ক্রিকেট থেকে অবসরের পর গত তিন বছর আমি মা হিসেবে নতুন জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। এখন ক্রিকেটে ফেরার সময় হয়েছে। ট্রেন্ট ব্রিজ আমার কাছে সবসময়ই বিশেষ একটি জায়গা। খেলোয়াড় হিসেবে আগে এখানে যুক্ত ছিলাম, এখন কোচ হিসেবে ফিরে আসাটা এমন একটি সুযোগ যা আমি হাতছাড়া করতে পারিনি। তিনি আরও যোগ করেন, আমি নতুন এক যুগে প্রবেশ করছি এবং খেলোয়াড়দের কোচিং ও মেন্টরশিপ দেওয়াটা আমি দারুণ উপভোগ করব।

ট্রেন্ট রকেটের কোচিং প্যানেলে প্রধান কোচ ক্রিস রিডের পাশাপাশি কাজ করবেন ক্যাথরিন। এছাড়া সাবেক নটিংহামশায়ার স্পিনার গ্রায়েম হোয়াইট ফিল্ডিং কোচ হিসেবে নারী দলের সাথে যুক্ত হয়েছেন। অন্যদিকে, পুরুষ দলের প্রধান কোচ পিটার মুরসের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক হোয়াইট-বল বোলিং কোচ অ্যান্টন রুকস।

নারী ক্রিকেটে শীর্ষ পর্যায়ের কোচদের মধ্যে নারীদের সংখ্যা কম থাকায় ক্যাথরিনের এই নিয়োগটি বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমানে দ্য হান্ড্রেডের কোচিং প্যানেলে অ্যানিয়া শ্রুবসোল এবং সারাহ টেলরের মতো সাবেক সতীর্থরাও সহকারী কোচ হিসেবে কাজ করছেন। তবে বর্তমান নারী হেড কোচদের মধ্যে একমাত্র লিসা কেইটলি এমআই লন্ডনের দায়িত্বে রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত

Related posts