বিএনপির নেতৃত্বাধীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে দীর্ঘদিনের সহযাত্রী ও জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর মূল্যায়নের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকে যথাযথ পদ-পদবি না পাওয়ায় অভিমান করছেন, কেউবা কৌশলে চাপ প্রয়োগের চেষ্টা করছেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জোটের নেতাদের মান ভাঙানোর উদ্যোগ গ্রহণ করেছেন। সোমবার রাতে তিনি শরিক নেতাদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করেন। এর আগে, বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে অন্যদের ধৈর্য ধরার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও তার শরিকরা মোট ২১৪টি আসনে জয়ী হয়। এর মধ্যে বিএনপি ২১১টি এবং শরিকরা ৩টি আসনে জয় পায়। সরকারে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া এনডিএম থেকে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ এবং নাগরিক ঐক্যের সাবেক যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমানকেও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের অনেক শরিক এখনো কোনো পদ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন।
গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হলেও জেএসডি বা নাগরিক ঐক্যের মূল নেতৃত্ব এখনো কোনো পদ পায়নি। একইভাবে ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে বিএলডিপি থেকে শাহাদাত হোসেন সেলিম এমপি নির্বাচিত হলেও জোটের অনেক দলই নির্বাচনে আসন পায়নি বা সরকারে স্থান পায়নি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেছে, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা কুশল বিনিময় করা হয়নি। সোমবারের নৈশভোজে দাওয়াত পাওয়ার পরও জমিয়তের নেতারা অংশ নেননি। দলটির প্রচার সম্পাদক ইমরানুল বারী সিরাজী জানান, যথাযথ মূল্যায়ন না পাওয়ায় তারা হতাশ।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি নির্বাচিত হলেও কোনো পদ পাননি, যা নিয়ে তার দলেও অসন্তোষ রয়েছে। রাশেদ খানের নিয়োগের বিষয়টি নিয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ত্যাগী নেতা মনে করছেন, দলের পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় সংগঠনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
