বিশিষ্ট হাদিসবিশারদ ও গবেষক মাওলানা আব্দুল মতিন রচিত ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিযি’-এর ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ প্রকাশনা উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আন্তর্জাতিক ইলমি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিযি ও কিফায়াতুল মুগতাযি’ শীর্ষক এই আয়োজনে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, মুহাদ্দিস ও গবেষকরা অংশ নেন।
সেমিনারের প্রধান অতিথি ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বলেন, বহু বছরের নিরলস পরিশ্রম ও গবেষণার ফসল এই গ্রন্থ। তিনি আশা প্রকাশ করেন যে, কুরআন-সুন্নাহর খেদমতে নিবেদিত এই কাজ উম্মাহর জন্য দীর্ঘস্থায়ী কল্যাণ বয়ে আনবে।
গ্রন্থটির রচয়িতা মাওলানা আব্দুল মতিন, যিনি জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকার সিনিয়র মুহাদ্দীস, বলেন, “এটি আনন্দের নয়; বরং শুকরিয়া ও দোয়ার মজলিস।” তিনি জানান, ২০০১ সালে জামে তিরমিযি-এর দরসদান শুরুর পর থেকেই এর গবেষণার কাজ শুরু হয়। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে মূল রচনা সম্পন্ন হলেও এর পেছনে রয়েছে প্রায় ২৬ বছরের শ্রম, হাজারো গ্রন্থ অধ্যয়ন ও অসংখ্য নির্ঘুম রাতের ফসল এই ১৭ খণ্ডের আরবি ব্যাখ্যাগ্রন্থ। তিনি এ কাজে সহযোগিতার জন্য মাওলানা আব্দুল মালেকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমিদুল মাওলা স্বাগত বক্তব্যে জানান, গ্রন্থটির প্রথম চার খণ্ড প্রকাশের পর থেকেই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার আলেম মুফতি হোসাইন কাদুদিয়াসহ আন্তর্জাতিক পর্যায়ের আলেমগণ এর উচ্চ প্রশংসা করেছেন।
সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। তিনি বলেন, মতভিন্নতার মধ্যেও ইলমি শিষ্টাচার ও আদব সংরক্ষণের যে ধারা জামে তিরমিযিতে রয়েছে, তা এই ব্যাখ্যাগ্রন্থে চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গাফফারসহ অন্যান্য বক্তারা হাদিস গবেষণার ইতিহাসে এটিকে বাংলাদেশের গৌরবময় অবদান হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে হাদিস গবেষণার ধারা বিস্তারে ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে গ্রন্থটির ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সেট বিনামূল্যে তুলে দেওয়া হয়। সবশেষে জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানের মোনাজাতের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

