ইরানে যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতে হামলা, তেহরানে সক্রিয় আকাশ প্রতিরক্ষা

মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরানে টানা ১১তম রাতের মতো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এই সংঘাতের তীব্রতা বৃদ্ধির মধ্যেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জর্ডানে হামলায় নিখোঁজ হওয়া এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মার্কিন সেন্টকমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ইস্টার্ন টাইম (ইটি) সন্ধ্যা ৭টায় তারা ইরানে এই হামলা শুরু করে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা ক্রমান্বয়ে নস্যাৎ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে বলে সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এই ঘোষণার পরপরই ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের দক্ষিণে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে দেশটির ফার্স নিউজ এজেন্সি। এছাড়া রাজধানী তেহরানের পূর্বে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ফার্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে, জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে 'শত্রুভাবাপন্ন হামলায়' নিখোঁজ হওয়া এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ধারণা করছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যানজেল এস. রামপ্রসাদ গত ১৭ জুলাই, ২০২৬ তারিখে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে শত্রুর হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা রামপ্রসাদকে এর আগে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করেছিল সেন্টকম। বর্তমানে তার সামরিক মর্যাদা পরিবর্তন করে "ডিউটি স্ট্যাটাস-হোয়্যারঅবাউটস আননোন" (কোথায় আছেন তা অজানা) করা হয়েছে এবং তিনি মারা গেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

গত মাসে পাকিস্তান মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করিয়েছিল, যার লক্ষ্য ছিল গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা একে অপরের ওপর হামলা শুরু করে।

Related posts