বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে এই হামলার ঘটনার পর দেশ দুটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম চলছে। এই প্রতিরক্ষা কর্মকাণ্ডের কারণে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে জানিয়ে কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সোমবার কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলার অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। তবে মঙ্গলবারের এই হামলায় সুনির্দিষ্টভাবে কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া প্রতিবেদনটি লেখা পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই বিস্তারিত কিছু জানানো হয়নি।
