২০০৯ সালের পর প্রথম সিরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি সপ্তাহের শেষের দিকে সিরিয়া সফর করবেন। সিরিয়ার রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার প্রতি সমর্থন প্রদর্শনের লক্ষ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালের পর এটিই কোনো জাতিসংঘ মহাসচিবের প্রথম সিরিয়া সফর।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের উপ-বিশেষ দূত ক্লদিও কর্দোনে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরিয়া সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফরে যাচ্ছেন। এই সফরের সময় গুতেরেস সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর আহমেদ আল শারারা রাষ্ট্রক্ষমতায় আসেন।

কর্দোনে আরও বলেন, গুতেরেস তার সফরের সময় সিরিয়ার নাগরিক সমাজের প্রতিনিধি এবং নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। সিরিয়ার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে জাতিসংঘ যে দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে, সেই প্রতিশ্রুতিই তিনি পুনর্ব্যক্ত করবেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এই সফরের অংশ হিসেবে গুতেরেস গোলান মালভূমিতে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গেও দেখা করবেন। ১৯৭৪ সাল থেকে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখতে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা নিয়োজিত রয়েছেন। এর আগে ২০০৯ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সর্বশেষ সিরিয়া সফর করেছিলেন। গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল সিরিয়া সফর করেছিল।

Related posts