বিশ্বকাপ জয়ের পর স্পেন কি আসল ট্রফি দেশে নিয়েছে?

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে স্পেন। এই শিরোপা জয়ের পর স্প্যানিশ খেলোয়াড়রা যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে গেছেন এবং মাদ্রিদের রাস্তায় খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রাও করেছেন। তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে, চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন কি আসল বিশ্বকাপ ট্রফিটি তাদের দেশে নিয়ে যেতে পেরেছে?

এর উত্তর হলো ‘না’। ২০০৬ সাল থেকে চালু হওয়া ফিফার কঠোর নিয়ম অনুযায়ী, কোনো বিশ্বকাপজয়ী দলই আসল ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের দেশে নিয়ে যাওয়ার সুযোগ পায় না। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আনুষ্ঠানিক ফটোসেশনের সময় খেলোয়াড়রা আসল ট্রফিটি হাতে নেওয়ার সুযোগ পেলেও, অনুষ্ঠান শেষে সেটি পুনরায় ফিফার কাছে ফেরত দিতে হয়।

এর পরিবর্তে চ্যাম্পিয়ন দলকে ১৮ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া একটি প্রতিরূপ ট্রফি উপহার দেওয়া হয়। দেশে ফেরার পর বিজয় শোভাযাত্রা, সরকারি সংবর্ধনা এবং জনসমক্ষে প্রদর্শনের জন্য এই প্রতিরূপ ট্রফিটিই ব্যবহার করা হয়। বর্তমানে আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তরে সংরক্ষিত রয়েছে। এটি স্পর্শ করার সুযোগ কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড়, রাষ্ট্রপ্রধান এবং ফিফার অনুমোদিত অল্প সংখ্যক ব্যক্তিরই রয়েছে।

উল্লেখ্য যে, বর্তমানের এই ফিফা বিশ্বকাপ ট্রফিটি ১৯৭৪ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। সেই বছর পশ্চিম জার্মানি প্রথমবার এই ট্রফি জয়ের গৌরব অর্জন করেছিল। দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এই ট্রফিটি বানাতে সেই সময় খরচ হয়েছিল প্রায় ৯,৩৯০ মার্কিন ডলার। বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার ডলার।

২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছে স্পেন। রাজধানী মাদ্রিদে খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন খেলোয়াড়রা। তবে তাদের হাতে থাকবে আসল ট্রফি নয়, ফিফা প্রদত্ত স্বর্ণের প্রলেপ দেওয়া প্রতিরূপ ট্রফি।

Related posts